চুয়াডাঙ্গা প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা রিটারর্ণিং অফিসারের সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলা রিটারর্ণিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা প্রার্থীদের উপস্থিতিতে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াতের একক প্রার্থীসহ বিএনপির ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এরা হলেন, আওয়ামী লীগের আজাদুল ইসলাম আজাদ, জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান, বিএনপির লিয়াকত আলী শাহ, খাঁজা আবুল হাসনাত, ফজলুর রহমান, রফিকুল হাসান তনু, আব্দুর রব, সেলিম মেহেফুজ সিল্টন ও ইজাজুল হক মেরাজ।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ ও জামায়াতের একক প্রার্থীসহ ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।




