শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বরেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবারের সমাবেশে মিথ্যাচার করেছেন। তিনি ২১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এসময় সৈয়দ আশরাফ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের আহ্বান জানিয়েছিলেন আমরা আশা করেছিলাম তিনি (খালেদা জিয়া) তাতে সাড়া দেবেন। কিন্তু তা তিনি দেননি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন- উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হয়ে গেছে। বাংলার মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। সৈয়দ আশরাফ এসময় অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার হাত থেকে শাক-সব্জি থেকে শুরু করে যানবাহন-গাছপালা, মানুষ কিছুই রেহাই পায়নি। আমরা এই অবস্থার অবসান চাই।




