ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খ্রীষ্টান সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে ডুমুরিয়ার ২২টি গির্জায় যথাযথ মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে গীর্জাগুলিতে সকল প্রকার সহিংসতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
জানা গেছে, উপজেলার গোলনা, বরাতিয়া, ভদ্রদিয়া,পুঁটিমারি, আরশনগরসহ বিভিন্ন স্থানে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকেরা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালন করছেন। সকাল থেকেই তারা গীর্জায় গীর্জায় যীশু খ্রীষ্টের সত্য, ন্যায়, শান্তি প্রতিষ্টা ও তার আত্ম বিসর্জনের মহান দৃষ্টান্ত তুলে ধরে প্রার্থনা ও ধর্মীয় আলোচনা করা হয়। এ ছাড়াও বিকেলে উপহার বিনিময়, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। তবে ধর্মীয় এ উৎসবকে ঘিরে ডুমুরিয়া থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, বড়দিন উপলক্ষে উপজেলার সকল গীর্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




