স্টাফ রিপোর্টার : বিএনপি, জামায়াত ও শিবিরের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য এবং অব্যাহত অবরোধ-হরতালের প্রতিবাদে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা মোড়ের বঙ্গবন্ধু স্কোয়ারে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট।
সমাবেশে রাস্তায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তার পাশের গাছ কেটে অবরোধ সৃষ্টি ও মানুষকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে আগামী ৫ জানুয়ারি দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্যে সবার কাছে আহবান জানানো হয়। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল ও ছাত্রলীগ নেতা আব্দুল মতিন উপস্থিত ছিলেন।




