স্টাফ রিপোর্টার : বিএনপিসহ ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির নামে দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে বের হওয়া ওই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান। জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। বক্তারা বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস-নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সহিংসতার রাজনীতি পরিহার করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার আহবান জানান। সেইসাথে তারা আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়ী করতে সকলের প্রতি আহবান জানান।




