আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়া সীমান্তের বিপরীতে অবৈধভাবে ভারতে যাওয়ায় ৩ বাংলাদেশি যুবতিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি সূত্র জানায়, উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে সোমবার ভোরে ৩ বাংলাদেশি যুবতি অবৈধভাবে ভারতে যাওয়ায় তাদেরকে আটক করে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার দরকান্দা ক্যাম্পের বিএসএফ। পরে মাদরা বিওপির বিজিবি ও দরকান্দা ক্যাম্পের বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৩ বাংলাদেশি যুবতিকে ফেরত দেয় বিএসএফ। ফেরত পাওয়া ৩ বাংলাদেশি হলো সিলেটের ওসমানিপুর উপজেলার মজলিসপুর গ্রামের বাবুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম (২৭), কুমিল¬¬া জেলার চান্দিনা-পুরানবাজার গ্রামের মৃত.ফারুক হোসেনের স্ত্রী রিমা খাতুন (২৮) ও ঢাকার সাভার উপজেলার পলাশবাড়ী এলাকার ছালাম মোল্যার কন্যা সিমা খাতুন (২২)।
এব্যাপারে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-৫) হয়েছে। এদিকে, সীমান্তে বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বাকসা থেকে ৩৪ কেজি লবঙ্গ এবং সোমবার গভীর রাতে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা কেঁড়াগাছির চারাবাড়ি সীমান্তের সোনাই নদীর ধার থেকে একটি ভারতীয় নৌকাসহ ২’শ কেজি ইউরিয়া সার উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৭ হাজার ৭’শ টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।




