ইয়ানুর রহমান, যশোর : ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে যশোরে বিএনপি ও আওয়ামী লীগ হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছে। ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে তরিকুল ইসলামের সহধর্মিনী অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে শহরে হরতাল সমর্থনে মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুরুন্নবীসহ ১৮ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে, হরতাল প্রত্যাখ্যান করে যশোর শহরে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু প্রমুখ। অপরদিকে জেলা ছাত্রলীগের আরো একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের নেতা খালেদ হাসান জিউস, মারুফ হোসেন খোকন ও জেলা ছাত্রলীগ নেতা নিয়াদ মাহমুদ শাহীন।
এদিকে হরতাল চলকালে শহরের হাসপাতাল মোড়ে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি। এছাড়া আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পওয়া যায়নি।




