নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস আজ ১২ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে সমগ্র দেশব্যাপী বাঙালি জাতি সশস্ত্র মুক্তি সংগ্রামে লিপ্ত তখন সৈয়দপুরের শ্রেষ্ঠ সন্তানদের অনেকে শহীদ হন। অগণিত মুক্তিকামী সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। ১৯৭১ এর ২৬ মার্চ যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় অবাঙালি প্রধান সৈয়দপুর শহরে তার রেশ পরিলক্ষিত হয়। তখন শহরের বাঙালি পরিবারের উপর নেমে আসে খান সেনাদের অমানবিক অত্যাচার- নির্যাতন।

১২ এপ্রিল সেই কালরাত্রীতে সেনা কনভয়ে তোলা হয় বন্দি বাঙালি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র-যুব নেতাদের। তাদের নেয়া হয় রংপুর ক্যান্টনমেন্ট সংলগ্ন নিসবেতগঞ্জ বধ্যভ’মিতে। এখানে সারিবদ্ধভাবে হত্যা করা হয় তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হক, ডা, বদিউজ্জামান, আ’লীগ নেতা ডা. সামসুল হক, তুলশিরাম আগরওয়ালা, বাবু রামেশ্বরলাল আগরওয়ালা, যমুনা প্রসাদ কেডিয়া, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিন, ন্যাপ নেতা এস, এম ইয়াকুব, আইয়ুব হোসেন, এম, এ আজিজ, আমিনুল হক, কুদরত এলাহি, জহুরুল হক, আশরাফ আলী, জয়নাল উদ্দিন, ডা. শাহ আঃ আজিজ, ডা. মোবারক হোসেন, আফজাল, নূর মোহাম্মদ, ভুইয়া মাষ্টার (সপরিবারে), মোসলেম উদ্দিনসহ অর্ধশতাধিক মানুষ।
এসব শহীদদের স্মরণে প্রতিবছর ১২ এপ্রিল সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে স্থানীয় শহীদ দিবস হিসেবে। এ দিনটি স্মরণ করতে শহীদ পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র্যালি, স্মৃতি অম্লানে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বিশেষ দোয়া, পথসভা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়েছে।




