মেহের আমজাদ, মেহেরপুর : অপহরণের ৮৪ দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-ঝোড়াঘাট মাঠের মধ্য থেকে বস্তাবন্দী অবস্থায় মজনু (৩০) নামের এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মজনু মিয়া গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের কুতুব আলীর ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, গেল বছরের ২৬ ডিসেম্বর মজনু মিয়া বামুন্দী হাটে গেলে তাকে হাট থেকে ডেকে নিয়ে কৌশলে অপহরন করে অপহরক চক্র। অনেক খোঁজা-খুঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি জিডি করা হয়। এদিকে সকালে মাঠে যাওয়ার পথে এলাকার কতিপয় কৃষক বস্তাবন্দী অবস্থায় মানুষের কান্না শুনে তাকে উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায় মজনু মিয়াকে। তার পা ও হাত শিকল দিয়ে বাঁধা ছিলো এবং তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে গাংনীর বামুন্দী ক্যাম্প পুলিশের এস আই সামসুল আলম সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান। পুলিশ মজনু মিয়াকে ক্যাম্পে নেয়। পরে মজনু মিয়ার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে। অসুস্থ মজনু মিয়াকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান এস আই সামসুল আলম।




