শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেনেবিলিটি (ডপস্) এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ ফেব্রæয়ারি সোমবার সকালে সদর উপজেলার ঘোরজান গ্রামে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ওইসময় জেলার বিভিন্ন গ্রামের ২৩০টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তুলশীমালা চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, মসুরের ডাল এবং ছোলা বুট।
ডপস্ এর আয়োজনে নাম প্রকাশে অনিচ্ছুক এক হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ওইসময় উপস্থিত ছিলেন ডপস-এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান, সাধারণ সম্পাদিকা রাবেয়া সুলতানা, চিকিৎসক ডা. সুজন মিয়া, শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

ডপস এর প্রতিষ্ঠাতা শাহীন মিয়া, বিএসপি বলেন, পবিত্র রমজানের আগ মুহূর্তে অসহায় মানুষের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই মহতী উদ্যোগে যিনি সহযোগিতা করেছেন, তার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক জনপদের সহজ-সরল ও ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




