শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতা নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। ৭ নভেম্বর শনিবার নিহতের ছেলে জাকির হোসেন উজ্জ্বল বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় এ মামলা করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ ওই গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। তবে তাঁর সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে আপত্তি তোলেন একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন ও তাঁর সহযোগীরা।
শুক্রবার জুমার নামাজের আগে এ বিষয় নিয়ে মতিনের পক্ষের লোকজন আপত্তি তুললে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভারুয়া গ্রামে নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন উজ্জ্বল বাদী হয়ে ১৫ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









