শেরপুরের মেধাবী সন্তান মাহবুবুল আলম পলাশ আমেরিকা থেকে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন। ৩ নভেম্বর ভার্জিনিয়া প্রদেশের জর্জ মেশন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। পলাশ শেরপুর শহরের মীরগঞ্জ উত্তরপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত পৌর কর্মকর্তা মো. মুসলিম উদ্দিন ও মলুকা পারভীন দম্পতির দুই ছেলের মধ্যে জ্যেষ্ঠ সন্তান।

জানা যায়, মাহবুবুল আলম পলাশ ১৯৯৫ সালের ১০ জানুয়ারি মীরগঞ্জ উত্তরপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনের শুরু থেকেই প্রচণ্ড মেধাবী ছিলেন। প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়াসহ জেলাতে প্রথম স্থান এবং অষ্টম শ্রেণিতে বৃত্তিসহ জেলায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এরপর ২০০৮ সালে আইডিয়াল প্রিপারেটরী অ্যান্ড হাই স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫, ২০১০ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পান পলাশ। পরে ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজিতে সিএসই-তে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে আমেরিকান সরকারের পূর্ণ শিক্ষাবৃত্তি নিয়ে ২০১৮ সালে জর্জ মেশন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেন। আর চলতি বছরের ৩ নভেম্বর একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন।
পলাশ বর্তমানে আমেরিকার মিশিগান প্রদেশে ‘মে মবিলিটি’ নামক প্রতিষ্ঠানে সিনিয়র সিমুলেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকা জান্নাত তৃষাকে বিয়ে করেন। পরবর্তীতে মুশফিকা জান্নাত তৃষা আমেরিকায় সিএসই নিয়ে স্নাতক সম্পন্ন করে বর্তমানে জর্জ মেশন ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রীর জন্য ভর্তি হয়েছেন।

এদিকে পলাশের এই সাফল্যে শেরপুরের বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।









