শেরপুরের নকলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নকলা উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সকল মসজিদে বাদ যোহর মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে ইতোমধ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার, মহিউদ্দিন মোক্তার ও মোবাশ্বের আলী চৌধুরী টুটন, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।









