ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার ৩ নভেম্বর বেলা ১২টায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

আর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে এলিজা জামান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। গত ১ অক্টোবর ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করে।




















