‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর রবিবার সকালে সদর উপজেলার ভাতশালা এলাকাস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হারুনুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে যুবসমাজকে দক্ষতা অর্জন ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যুবসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




