‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো পরিহার এবং সড়কে পারস্পরিক সচেতনতা ও সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।




