অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026 ’-এ অংশ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

স্থানীয় সময় ৫ অক্টোবর অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (USARPAC) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়ার সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি জোরদারে ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই) আয়োজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিআইপিএসওটি)-এ গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ (জিপিওআই)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।




