শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেরপুর জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, এসআরবি-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর লাবিদ আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার, সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

ওইসময় বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিটা পূজা মন্ডপে সিসি ক্যামেরা আওতায় আনা, মন্ডপগুলোতে যোগাযোগের জন্য ভাঙাচোরা রাস্তা সংস্কার, যুবদলের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠন সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়। যাতে করে এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্র জানায়, এবার জেলায় ১৭১ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।




