শেরপুরের নালিতাবাড়ীতে ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোফ্লোরেন সুবিধাসহ অপারেশন থিয়েটার চালু এবং ভোগাই নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পৃথক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। ওইসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আইসোফ্লোরেন সুবিধাসহ সিজারিয়ান অপারেশনের জন্য অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। এতে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পৃথক কর্মসূচিতে ভোগাই নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।




