শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে শেরপুর সরকারি কলেজের হলরুমে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঠিক তথ্য সংগ্রহ দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেও এসব তথ্য সহায়ক হবে। তিনি বলেন, জরিপের তথ্য যেন নির্ভুল ও বস্তুনিষ্ঠ হয়, সে জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা তথ্য সংগ্রহের পদ্ধতি ও জরিপের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ধারণা পাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আকরাম হোসাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে জরিপের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের কৌশল, প্রশ্নপত্র পূরণ, তথ্য যাচাই ও গুণগত মান নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে নির্ধারিত এলাকায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। সংগৃহীত তথ্য দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক বাস্তবতা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কাজে লাগবে।




