বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে নবগঠিত জেলা কমিটির উদ্যোগে শহরের আয়সার ইন হোটেলে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল কাদের লুটু।

নবগঠিত জেলা কমিটির সভাপতি মো. রাশেদুল হোসেন ডিয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন। মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটিতে মো. রাশেদুল হোসেন ডিয়ারকে সভাপতি এবং মো. মুকুল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া মো. হাতেম আলীকে সাংগঠনিক সম্পাদক, মো. রমিজ উদ্দিন ফরিদকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. হারুন অর রশিদকে দপ্তর সম্পাদক, মো. রুবেল মিয়াকে প্রচার সম্পাদক এবং ডা. মো. মাহফুজুর রহমানকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।




