শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর উপজেলা অডিটোরিয়ামে তৌহিদ এডুকেশন কনসালটেন্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—মেধা হোক বিকশিত’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৌহিদ এডুকেশন কনসালটেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজীব।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, কৃষিবিদ ডা. শহিদুল্লাহ শরিফসহ সংবর্ধনা পাওয়া কয়েকজন শিক্ষার্থী।

বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।




