শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। একই সাথে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারোমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা।

জানা যায়, রাজশাহীর গোদাগাড়ী এলাকার এসব বাংলাদেশী নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে নালিতাবাড়ীর কালাপানি সীমান্ত দিয়ে শুক্রবার ভোরের দিকে অন্তত: ৩০ জন বাংলাদেশী বাংলাদেশে প্রবেশ করে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে। বাকীরা পাহাড়ের বিভিন্ন অংশে পালিয়ে যায়। একই সাথে তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।

হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।




