শেরপুরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আগস্ট সোমবার সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (২৬) ও পূর্বশেরী এলাকার মো. হাতেন আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২)। একইদিন বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের নির্দেশে এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার তত্ত্বাবধানে সোমবার সদর উপজেলার লছমনপুর গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই আরিফ আহমেদ, এএসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, এএসআই শফিকুল ইসলাম-১ এবং কনস্টেবল গোলাম সারোয়ার অংশ নেন। ওইসময় ৪০ গ্রাম হেরোইন ও ১৭ ইয়াবাসহ সিদ্দিক ও রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন এবং পরিমাপের ডিজিটাল স্কেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য প্রায় ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।




