শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটি উল্টে রাসেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২ আগস্ট রবিবার রাতে উপজেলার চিতাখলা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় নেওয়ার পথে ময়মনসিংহে তাঁর মৃত্যু হয়। নিহত রাসেল মিয়া উপজেলার গোজাকুড়া নলকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রাসেলের প্রতিবেশী কাকা মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে ফুলপুরের আমুয়াকান্দা গরুর হাট থেকে ব্যবসায়িক কাজ শেষে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন রাসেল। পথে নালিতাবাড়ী শহরের অদূরে চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এতে রাসেল গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকা নেওয়ার পথে ময়মনসিংহে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয়েছিলো।




