গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন শেরপুরের সন্তান অ্যাডভোকেট এআরএম কামরুজ্জামান কাকন। ৩০ জুলাই বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই তালিকায় রয়েছেন অ্যাডভোকেট এআরএম কামরুজ্জামান কাকন।

জানা যায়, অ্যাডভোকেট এআরএম কামরুজ্জামান কাকন শেরপুর শহরের বাগরাকসা মহল্লার মো. আব্দুল কাদের এবং মরহুমা রেহানা বেগমের সন্তান। তিনি দীর্ঘদিন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সহোদর ভাই মো. কামরুল হাসান শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এআরএম কামরুজ্জামান কাকন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (সম্মান) এবং এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ২০১০ তারিখে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। এরপর ২০১৫ সালের ১১ এপ্রিল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। পরবর্তীতে ১২ নভেম্বর ২০২৫ তারিখে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

এছাড়াও তিনি ইংল্যান্ড এবং ওয়েলস এর দি অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এর একজন সম্মানিত সদস্য। অতি শীঘ্রই তিনি লিংকনস ইন এর আনুষ্ঠানিক ‘কল টু দ্য বারে’ অংশগ্রহণের মাধ্যমে ব্যারিস্টার-অ্যাট-ল’ হিসেবে সনদ গ্রহণ করবেন।
এদিকে এআরএম কামরুজ্জামান কাকনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহল।




