শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, ও আব্দুল হক তালুকদার চান মিয়া, চন্দ্রকোনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়ন্ত কুমার দেব, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সরোয়ার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা ইখতিয়ার উদ্দিন বাবু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ফকরুল আলম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের ভুমিকা ও করণীয়, চোরাই বৈদ্যুতিক মটর, বৈদ্যুতিক তার, টিউবওয়েলসহ নানাধরণের ধাতব পণ্য নিয়ে ভাঙারি দোকানীদের জমজমাট ব্যবসা, পৌরশহরে যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের করণীয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক সময়ে শিক্ষকদের উপস্থিতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এসেম্বলি ও সাংস্কৃতিক চর্চাসহ নানা বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ওই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




