দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শেরপুরে অসহায় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঢেউটিন ও অর্থ বিতরণ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

ওইসময় তিনি বলেন, এই মানবিক সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং তাদের পাশে থেকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সাহস জোগানো। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দপ্রাপ্ত ৬০ বান্ডিল ঢেউটিন ও বান্ডিলপ্রতি ৩ হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ১৫ জন উপকারভোগীর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে আরও ১৬ জন উপকারভোগীর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।




