শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শনিবার সকালে উপজেলার ধানহাটিতে আয়োজিত ওই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

ওইসময় তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি সদস্যদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন ও সমিতির সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। একইসাথে তিনি পাহাড়ি ঢলে উপজেলা সদর বাজারে বন্যার পানি প্রবেশ প্রতিরোধ ও বাজারকে সৌন্দর্যময় করে গড়ে তোলাসহ নানা সমস্যা সমাধানে ব্যবসায়ীদের আশ্বাস দেন।
সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।

সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় সমিতির বাৎসরিক আয়ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সাধারণ সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সমিতির সদস্যগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




