শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শেরপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। আজ ৭ জুলাই বুধবার সকালে তিনি শেরপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

ওইসময় জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করে পরীক্ষা পরিচালনার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, এ বছর শেরপুর জেলায় এইচএসসি পরীক্ষার ১২টি কেন্দ্রে মোট ৮ হাজার ২২৯ জন, আলিমের ৫টি কেন্দ্রে ৮৯৩ জন ও কারিগরি শাখায় ১০টি কেন্দ্রে ৩ হাজার ৯৫৩ জনসহ মোট ১৩ হাজার ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।




