শেরপুরের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

২৩ জুন সোমবার ভোর থেকে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা। এদিন শেরপুর শহর ও জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা এবং নকলা শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয় বিজিবি সদস্যরা।
শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বিজিবি। আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।




