ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সারা দেশের মতোই উত্তাপ ছড়িয়েছে সীমান্তবর্তী জেলা শেরপুরেও। ফুটবল উন্মাদনার ছোঁয়া পৌঁছেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে ব্রাজিল সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করতে জার্সি পরে, বাঁশি হাতে পতাকা নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন। পরে পতাকা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা। আনন্দ র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়।

শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে তিনশতাধিক ভক্ত এই আনন্দ র্যালিতে অংশ নেন। ঢাক-ঢোল, স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস ও শহর।
মিছিলে অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি, ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল এবারও শৈল্পিক খেলা উপহার দেবে এবং বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে। আমাদের ৫টি বিশ্বকাপ ঘরে আছে। যারা অযথা তর্ক করতে আসেন তারা আগে ৫টি বিশ্বকাপ নিয়ে দেখান।

শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটি এবার বিশ্বকাপ জয়ের দাবিদার। ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন, আব্দুল আলিম বলেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই আমাদের এই আয়োজন। এই ধরনের আনন্দ র্যালি কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও বাড়িয়ে তুলবে। এখানে আজ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলা হয়েছে। এমন আয়োজন আগামীতেও থাকবে।




