স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, মেধা ও যোগ্যতার ভিত্তিতে শেরপুরে মাত্র ১২০ টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকুরি পেয়েছেন ২৫ জন তরুণ-তরুণী। ১৮ মে সোমবার রাতে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি একেএম জহিরুল ইসলাম। ফলাফল ঘোষণার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন চাকরি পাওয়া তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা।

জানা যায়, শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৫ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২ হাজার ১৯২ জন প্রার্থী শারীরিক পরীক্ষায় অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে ৩৯৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। সোমবার চূড়ান্ত ভাইভা শেষে পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি একেএম জহিরুল ইসলাম। ওইসময় ৩ জন নারী ও ২২ জন পুরুষসহ মোট ২৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ৫ জনকে রাখা হয় অপেক্ষমাণ তালিকায়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন এবং নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামসহ শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি একেএম জহিরুল ইসলাম জানান, শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে নিয়োগটি সম্পন্ন করেছি। ওইসময় তিনি চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি উত্তীর্ণ সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান।
এদিকে সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে বেশ খুশি চাকরিপ্রার্থী ও তাদের স্বজনরা। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থী ও অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।




