‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৩ দিনব্যাপী ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যানে আয়োজিত ওই মেলার সমাপনী দিনে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প পরিদর্শন করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ওইসময় তিনি শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মেলায় শেরপুর জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।




