ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

খবর টি পড়েছেন : ৫৭৫
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

‎চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ‎শুরু হয়েছে ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায়। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সারা দেশে ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে আসন নিতে হয়েছে।।

Shamol Bangla Ads

‎‎বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয়ে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে। ‎তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। ‎দাখিল পরীক্ষা শুরু হবে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা দিয়ে। ২৪ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।

‎‎এদিন এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা দেবেন বাংলা-২ বিষয়ের পরীক্ষা। ১৪ মে তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ১৭ থেকে ২১মে তাদের ব্যবহারিক পরীক্ষা ও ১ থেকে ১৮ জুন এ পরীক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

‎পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ‎এবারই প্রথমবারের মতো এসএসসি ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। ‎‎এ পরীক্ষা আয়োজনে সবগুলো পরীক্ষা কেন্দ্রের সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ‎

‎এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম রোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল বা অকেজো অবস্থায় রয়েছে, সেসব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।

‎নির্দেশনায় প্রতিটি পরীক্ষা কক্ষে ‘কাঁটাওয়ালা’ ঘড়ি টাঙানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে এতে। ‎স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের বলেছে অধিদপ্তর। ‎একইসঙ্গে কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেও বলা হয়েছে নির্দেশনায়। ‎‎কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই এ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। ‎

‎নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ‎ ‎এছাড়া বোর্ডগুলো ও অধিদপ্তর থেকে দেওয়া নির্দেশনা ‘যথাযথভাবে’ পালন করতে বলা হয়েছে নির্দেশনায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ… পরবর্তী সংবাদ বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads