স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২৯ মার্চ রবিবার বিকেলে শহরের উত্তরবাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি প্রায় তিনমাস যাবত শহরের উত্তর বাজারের একটি ভাড়া ভবনে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। অনুমোদন না থাকলেও সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। পরে অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ রোববার বিকেলে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে।
এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর শনিবার বিকেল থেকেই হাসপাতালটি বন্ধ রাখে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পরিচালক নির্লব হাসান মিন্টু বলেন, আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি। এটি পেন্ডিং অবস্থায় আছে। তবে আমাদের হাসপাতাল থেকে কোন রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরীন বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা হাসপাতালটিতে অভিযান চালাই। হাসপাতালটির অনুমোদনের কাগজ ছিলো না। এর প্রেক্ষিতে হাসপাতাল সিলগালা করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর তারা পুনরায় তাদের কার্যক্রম চালাতে পারবেন।




