ads

সোমবার , ২ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন জামায়াত প্রার্থী

স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি একমাত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়ন জমা দেন।

Shamol Bangla Ads

এসময় তার সাথে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়। পরে এ আসনের জন্য জামায়াতের প্রার্থী মনোনীত করা হয় নুরুজ্জামান বাদলের সহোদর ছোটভাই মাসুদুর রহমান মাসুদকে। মাসুদুর রহমান জেলা জামায়াতের ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক।

Shamol Bangla Ads

তবে এ নির্বাচনে আগের বৈধ ৪ জন প্রার্থীকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। বৈধ প্রার্থীরা হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ নির্বাচনে আগের ৪ জন বৈধ প্রার্থী রয়েছেন। আর একজন প্রার্থী আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। আর প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে জেলা নির্বাচন অফিস।

Need Ads
error: কপি হবে না!