পবিত্র মাহে রমজানকে বরণ করে নিতে জামালপুরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শহরের পিটিআই মসজিদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়কগুলো ঘুরে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিজুড়ে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয় এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়।
শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, শহর শাখার আমীর আল ইমরান সুজন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ।

বক্তারা বলেন, রমজান আত্মসংযম, তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন বক্তারা।
তারা আরও বলেন, রোজাদারদের সুবিধার্থে কালোবাজারি ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সমাজে নৈতিকতা ও শালীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি জানান।




