শেরপুরে ‘শিশুর চোখে, শিশুর গল্প’ শিরোনামে দু’দিনব্যাপী শিশু অধিকার ও শিশু সাংবাদিকতার উপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার সকালে শেরপুর শহরের নিউমার্কেটস্থ হোটেল আলিশানের হলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র ‘হ্যালো বিডিনিউজ’ আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ জ ম রেজাউল করিম।

হ্যালো বিডিনিউজ’র শেরপুর জেলার কো-অর্ডিনেটর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কার্যকরী সভাপতি রফিক মজিদ। প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন হ্যালো বিডিনিউজ’র কো-অর্ডিনেটর মনির হোসাইন।
উদ্বোধনী সভায় অতিথিরা শিশু অধিকারের বিষয়ে শিশুদের আরো সচেতন ও সমাজের অসংগতি এবং শিশু নির্যাতনের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার জন্য পরামর্শ দেন।

প্রশিক্ষণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।




