শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ২০ শতাংশ জমির প্রায় তিনশ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ৷ ২৮ ডিসেম্বর রবিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর পূর্বপাড়া (হাইট্টাপাড়া) এলাকায় ওই ঘটনা ঘটে ৷ ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত চাষির দাবি, পরিকল্পিতভাবেই তার ফসল নষ্ট করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরশেরপুর পূর্বপাড়া (হাইট্টাপাড়া) গ্রামের কৃষক রহমত আলীর ছেলে রাকিবুল হাসান রাকিব প্রায় ৮ মাস পূর্বে তার চাচা সোলায়মান হোসেনের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকায় ২০ শতাংশ জমি বন্ধকী নিয়ে প্রায় তিন শতক সবরি কলার চারা রোপন করেন। রাকিবদের সাথে তার চাচা সোলায়মানদের বসতভিটার জমি সংক্রান্ত বিরোধ চলছে ৷ তারই প্রেক্ষিতে তাদের উভয়ের মধ্যে জমি বিষয়ে কথা কাটাকাটি ও ঝগড়া-বিবাদ হয়। সেই বিবাদের জেরেই গত রবিবার সকালে সোলায়মানের স্ত্রী আল্পনা বেগম শিল্পী ও ছেলে সেলিম মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে জমিতে ঢুকে প্রায় তিনশ কলাগাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক রাকিব জানান, কলাগাছগুলো অধিকাংশই ফলযুক্ত ছিল ৷ কয়েক মাসের পরিশ্রম এক মুহূর্তেই শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। তাদের কয়েকজন জানান, জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চললেও এ ধরনের ক্ষতিকর ঘটনা এই প্রথম ঘটল। জমির বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম রেজাসহ স্থানীয়দের জানানো হলেও সেটির সমাধান হয়নি। কিন্তু এভাবে ফসলের ক্ষতি করাটা ঠিক হয়নি ৷
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, ওই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




