শেরপুরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে গ্রাম আদালত গ্রামীণ পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম আরও সেবামুখী ও দক্ষ করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যপ্রণালী, মামলা ব্যবস্থাপনা, রেজিস্টার রক্ষণাবেক্ষণ, সমঝোতা প্রক্রিয়া এবং সেবাগ্রহীতার অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়।




