শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৯ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খড়িয়াপাড়া বাঘবেড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন একই এলাকার মোহাম্মদ আলী ও আনোয়ারা খাতুনের পুত্র। অভিযানটি পরিচালনা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভোরে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বিভাগীয় উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন এবং আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, আটক আনোয়ার হোসেনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




