শেরপুরের শ্রীবরদীতে পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩৩ কেজি অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রীবরদী উপজেলায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, শেরপুরের পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ও শ্রীবরদী উপজেলা প্রশাসন শ্রীবরদী সদর বাজারে দুপুর থেকে ওই অভিযান শুরু হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান। অভিযানকালে ২৩৩ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাসসহ স্থানীয় লোকজন, শ্রীবরদী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, জব্দ করা পলিথিন পরিবেশ অধিদফতরের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




