শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকারে ভারতীয় মদ পরিবহনকালে ৪৬ বোতল মদসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার কাকরকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক (২৩), একই উপজেলার রুহুল আমীনের ছেলে সেলিম মিয়া (২০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। ওইসময় সীমান্ত সড়ক হয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী চালালে দুইটি বস্তায় থাকা বিভিন্ন ব্রান্ডের ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় ৷ এসময় পুলিশ প্রাইভেটকারে থাকা ফারুক, সেলিম ও রাহিম নামে ৩ চোরাকারবারিকে গ্রেফতার করলেও সবুজ নামে আরেক চোরাকারবারি দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জব্দকৃত মদ ও প্রাইভেটকার থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




