ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই কোনো সিনেমায় নেই। বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। গত কয়েক বছর ধরেই এই নায়িকার প্রফেশনাল ক্যারিয়ারের থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনা হয়েছে ভক্তমহলে। কারণ হাতে সিনেমার কাজ না থাকলেও প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।

একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে নিজের ব্যবসা ও সন্তান নিয়েই যত ব্যস্ততা। পাশাপাশি চেষ্টা করছেন শাকিব খানের পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানোর।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসময় তিনি অর্থকষ্টের কারণে নিজের স্বর্ণের গয়না বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। অপুর কথায়, ২০১৭ সালে আমার ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর আমি দেশে ফিরি। তখন হাতে একেবারেই কোনো টাকা ছিল না, ব্যাংক তো দূরের কথা। সেই সময় বুঝেছি, যারা অর্থের অভাবের মধ্যে থাকে তারা প্রতিদিন কেমন হিসেব করে চলতে হয়। আমি তখন থেকেই মিতব্যয়ী হয়েছি।

অপু বলেন, তার স্বর্ণের গয়না খুব প্রিয় ছিল এবং নিয়মিত সিনেমা করার সময় তিনি দেশে ও বিদেশে পছন্দের গয়না কিনে নিতেন। কিন্তু কঠিন সময়ের মুখে সেই গয়নাগুলোই তার জন্য উদ্ধারকর্তা হয়ে উঠেছিল। অপু বলেন, ওই সময়ে আমি অনেকগুলো স্বর্ণের গয়না বিক্রি করে পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম। এরপর ধীরে ধীরে নিজের ব্যবসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে নিজেকে গুছিয়ে নেয়ার চেষ্টা করেছি।
অপু তার অভিনয় নিয়ে দর্শকের মন জয় করেছিলেন। ২০০৫ সালে ‘কাল সকাল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। তবে আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তারা একসঙ্গে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। আর সেখান থেকেই তাদের প্রেম ও বিয়ে এবং সন্তান।




