শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হচ্ছে চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিলের মাঝে তাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিলে নেমে তাদের লাশ উদ্ধার করেন এলাকার লোকজন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শাপলা তুলতে তুলতে কোনো এক সময় বিলের মাঝখানে গভীর গর্তে তারা পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।




