শেরপুরের নকলা পৌরসভা ও পাঠাকাটা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ১১ আগস্ট সোমবার দুপুরে জেলা প্রশাসক ওইসব অফিস পরিদর্শনে যান।

প্রথমে জেলা প্রশাসক নকলা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবা এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে পৌর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ওইসময় তিনি পৌর এলাকার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
পৌরসভা পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক উপজেলার পাঠাকাটা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ওইসময় তিনি সেবাগ্রহীতাদের সাথে কথা বলে তাদের সমস্যাসমূহ শোনেন এবং সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে ভূমি সেবা ডিজিটালাইজেশন, রেকর্ড সংরক্ষণ ও সেবা প্রদানের মানোন্নয়ন, ভূমি অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।




