জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগের মধ্যে আবারও প্রথম স্থান অর্জন করেছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ১১ আগস্ট সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।

এদিকে বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইউএনও ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
এ ব্যাপারে ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত বছরের অক্টোবর মাস থেকে বিভাগীয় পর্যায়ে ঝিনাইগাতী উপজেলা টানা সাফল্য পাচ্ছে। এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত সাফল্য নয়; বরং ঝিনাইগাতী উপজেলাবাসীর সম্মিলিত প্রয়াসের ফল। জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় সবার সহযোগিতা ও আন্তরিকতা না থাকলে এই সাফল্য সম্ভব হতো না। আমি বিশ্বাস করি, এই ধারা অব্যাহত রেখে আমরা আরও অনেক ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করব।




