তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগের প্রথম পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান। ওইসময় তিনি বলেন, শ্যামলবাংলা২৪ডটকম সব মতের, সব মানুষের খবর পরিবেশনের মধ্য দিয়ে দায়বদ্ধতা ঘুচানোর চেষ্টা করে। এজন্য এ নিউজপোর্টালটি সব মহলের কাছে সমাদৃত। আগামী দিনে সমস্যা-সম্ভাবনার পাশাপাশি অনিয়ম-দুর্নীতিসহ নানা খবর পরিবেশনের মধ্য দিয়ে শ্যামলবাংলা নন্দিত গণমাধ্যম হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করবে-এমনটা প্রত্যাশা করেন তিনি।

শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে উপদেষ্টা সম্পাদক সোলায়মান খাঁন মজনু, বিভাগীয় সম্পাদক প্রভাষক-কবি আরিফ হাসান ও ডা. হাফিজুর রহমান লাভলু, বিশিষ্ট কবি ও ছড়াকার মোস্তাফিজুল হক প্রমুখ।
ওইসময় শ্যামলবাংলা২৪ডটকম’র বার্তা সম্পাদক জুবাইদুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার মইনুল হোসেন প্লাবন, সাংবাদিক-আইনজীবী ওসমান গনি, শ্যামলবাংলা২৪ডটকম’র ভিডিও এডিটর-স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দে, শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, সাংবাদিক রাজাদুল ইসলাম বাবু, এফএম সিফাত হাসান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াদ হাসান, শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদকের পুত্র এহসানুল ইসলাম রাফসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম আধার বলেন, ‘মা, মাটি ও মানুষের কথা বলে’ এ দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রকাশিত শ্যামলবাংলা২৪ডটকম ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাসহ অনুসন্ধানমূলক নানা পরিচ্ছন্ন-সমৃদ্ধ ও ইতিবাচক প্রতিবেদন শ্যামলবাংলা২৪ডটকমকে অনলাইন মিডিয়া জগতের অনন্য স্থান করে নিয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও অবস্থাসম্পন্ন মহলের কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়াই শ্যামলবাংলা২৪ডটকমকে তার পরিবারই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটিও একটি কঠিন চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্যামলবাংলা২৪ডটকম নানা সমস্যা-সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সরকারের উন্নয়ন ও ইতিবাচক চিত্রগুলো তুলে ধরে পাঠকনন্দিত হয়ে উঠেছে। শ্যামলবাংলা তার যাত্রার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে সত্যের পথে চলার গতি আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন তারা। আলোচনা শেষে শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার অতিথিদের নিয়ে এক যুগ পূর্তির কেক কাটেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রয়াত শাহ আলম বাবুল, প্রধান বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল ও কলামলেখক তালাত মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ জুলাই দেশের প্রান্তিক জেলা শেরপুর থেকে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম। যাত্রার ধারাবাহিকতায় ২০২১ সালে বৃহত্তর ময়মনসিংহে প্রথম অনলাইন নিউজপোর্টাল হিসেবে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করে শ্যামলবাংলা২৪ডটকম।




