শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজা পাহাড় এলাকায় হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য হিসেবে উপযোগী গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন রবিবার দুপুরে বন বিভাগের উদ্যোগে ৪০ হেক্টর জমিতে ওই বাগান তৈরির কাজ শুরু হয়। ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের অধীনে কর্ণঝোড়া ফরেস্ট বিট এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, কর্ণঝোড়া বিট কর্মকর্তা আব্দুর রাকিব, ডুমুরতলা বিট কর্মকর্তা রকিবুল হাসান রকি, ফরেস্টার মাজহারুল হক, স্থানীয় মুক্তিযোদ্ধা সুরুজ্জামান মেম্বার, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু, বিএনপি নেতা জামরুল চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বন বিভাগের অন্যান্য কর্মীরা।
বনবিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, রাজা পাহাড় এলাকায় পর্যায়ক্রমে হাতি ও বন্যপ্রাণীর জন্য খাবার উপযোগী ৬০ প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে রয়েছে বট, পাকুড়, জলপাই, কাজুবাদাম, কাঠাল, করমচা, বেল, চালতা, বহেড়া, আমলকি, শিমুল, পলাশ, সোনালু, রাধাচূড়া, শাল, গর্জন, কামরাঙ্গা, মহুয়া, তাল, কদম, কঞ্চন, নাগেশ্বরসহ অনেক প্রজাতির গাছ। এই প্রকল্প বাস্তবায়ন হলে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য সংকট অনেকটাই কমে যাবে বলে আশা করছে বন বিভাগ।




